রকমারি খাবার

অতিথি কিংবা আপনজনকে চমকে দিতে সুস্বাদু খাবারের তুলনা হয় না। আর তাই এবারের আয়োজনে রইল চমকপ্রদ কয়েকটি রেসিপি

বার-বি-কিউ চিকেন

 

উপকরণ :মুরগি ১টি (৪ টুকরো), বার-বি-কিউ সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা মরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, টমেটো সস ২ চা চামচ।

 

প্রণালি :মুরগির টুকরোগুলোতে ছুরি দিয়ে আঁচড় কেটে রাখুন। এবার অন্য সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ মুরগির টুকরোয় ভালো করে মেখে নিন। ২-৩ ঘণ্টা পর শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিন। মাঝে একবার মসলার মিশ্রণ মুরগির টুকরোয় ব্রাশ করে দিন। চাইলে গ্যাসের চুলায়ও ঝলসে নিতে পারেন। এবার পরিবেশন পাত্রে রেখে সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন।

 

জেলো পুডিং 

উপকরণ :তরল দুধ ১ লিটার, ডিম ৬টি, গুঁড়া দুধ ১ কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, চিনি ১ কাপ, ঘি ২ চা চামচ, জেলো ১ প্যাকেট (অরেঞ্জ কিংবা স্ট্রবেরি ফ্লেভার)।

প্রণালি :দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নিন। ঘি ও জেলো বাদে উপরের সব উপকরণ দুধের সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন কিংবা ভালো করে ফেটে নিন। এবার পুডিং মোল্ডে ঘি ব্রাশ করে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিন। তারপর প্রিহিট ওভেনে ১৮০০c-এ ২৫-৩০ মিনিট বেক করে নিন। চুলায় ভাপেও পুডিং তৈরি করতে পারেন। এবার জেলো গরম পানিতে গুলে ফ্রিজে জমতে দিন। জেলো হালকাভাবে জমলে ঠাণ্ডা পুডিংয়ের উপর ঢেলে দিয়ে সমান করে নিন। তারপর পুডিং ফ্রিজে রাখুন ২/৩ ঘণ্টা। পরিবেশনের সময় সাজিয়ে নিন।

 

মাটন বিরিয়ানি

উপকরণ :খাসির মাংস ২ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, রসুন বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, বাদাম বাটা (পোস্তবাদাম) ১ টেবিল চামচ, ভাজা মসলার গুঁড়া ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, শাহী জিরা বাটা ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, মাওয়া আধা কাপ, চিনি সিকি চা চামচ, দারুচিনি ৫ টুকরো, এলাচ ৫টি, তেজপাতা ৪টি, তেল আধা কাপ, লবঙ্গ ৪টি, পোলাওয়ের চাল ১ কেজি, ঘি পৌনে ১ কাপ, আস্ত শাহী জিরা ১ চামচ, আদা, রসুন ও পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আস্ত কাঁচামরিচ ৪/৫টি, আলু বোখারা ৮/১০টি, আস্ত গরম মসলা পরিমাণমতো, গরম পানি চালের দ্বিগুণ, কেওড়া জল ১ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।

 

প্রণালি :তেল, ঘি, আস্ত গরম মসলা মাওয়া ও কেওড়াজল বাদে মাংসের সব উপকরণ দিয়ে মাংস মেখে ১ ঘণ্টা মেরিনেট করুন। এবার হাঁড়িতে তেল দিন, গরম হলে পেঁয়াজ কুচি দিন, বাদামী হয়ে এলে অর্ধেক পেঁয়াজ তুলে নিন। আস্ত গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে মেরিনেট করা মাংস ঢেলে দিন। এবার ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে তেলের উপর উঠে এলে নামিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে পোলাওয়ের উপকরণ দিয়ে পোলাও রান্না করে নিন। এবার হাঁড়ি থেকে অর্ধেক পোলাও তুলে রান্না করা মাংস, মাওয়া, কেওড়া জল, কাঁচামরিচ, বেরেস্তা, আলু বোখারা কিশমিশ ছড়িয়ে উপরে বাকি পোলাও দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখুন ১০ মিনিট। পরিবেশনের সময় মিশিয়ে নিন। সালাদ দিয়ে পরিবেশন করুন।

 

গ্রিল রূপচাঁদা

উপকরণ :রূপচাঁদা মাছ ৩টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ফিশসস ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, বার-বি-কিউ সস ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টমেটো সস ২ চা চামচ, লবণ পরিমাণমতো তেল ৩ টেবিল চামচ।

 

প্রণালি :মাছের পেট ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার লেবুর রস ও লবণ মেখে ১৫/২০ মিনিট রাখুন। এরপর আবার ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। ১ টেবিল চামচ তেল ও সব রকম সস ও মসলা একসাথে মিশিয়ে নিন। এবার মাছের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে মসলার মিশ্রণ ভালো করে মেখে নিন। মেরিনেট করা মাছ ২০/২৫ মিনিট ঢেকে রাখুন। এবার গ্রিল প্যানে অল্প তেল দিন। গরম হলে মাছ দিন। একপিঠ হয়ে এলে উল্টে দিন। এর মাঝে মাছে একবার মসলা ব্রাশ করে দিন। এবার পরিবেশন পাত্রে রেখে সাজিয়ে পরিবেশন করুণ মজাদার গ্রিল রূপচাঁদা।