ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাশেষে তিন নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল ওহাব হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও নারী সংগঠক রোকেয়া বেগম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ। পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তিন নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন—তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে উপজেলার ধাওয়া গ্রামের মো. হেমায়েত উদ্দিনের স্ত্রী মোসাম্মত্ ফাতেমা বেগম। তিনি তার ছয় সন্তানকে সুশিক্ষিত করায় সফল জননী হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া উপজেলার নদমুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল কাইয়ুম মাওলানার মেয়ে ও ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন আসমা আখতারকে সমাজ উন্নয়নে ও ইকড়ি ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী রহিমা বেগম নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সম্মাননা পান। এদিকে একই দিনে সফল জননী হিসেবে ফাতেমা বেগমকে পিরোজপুর জেলায়ও সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।