সম্প্রসারণ ও নবরূপায়ণ হবে শাহ মখদুম বিমানবন্দর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ ও নবরূপায়ণের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রবিবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রদত্ত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ শাখার উপপ্রধান লুবনা ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে রাসিক মেয়রের ডিওর স্মারক উল্লেখ করে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ‘রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণ ও নবরূপায়ণ’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় বিদ্যমান টার্মিনাল ভবন নবরূপায়ণ, সম্প্রসারণ ও অন্যান্য সুবিধাদি প্রবর্তন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের যাত্রী সেবার মান ও সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। এ ব্যাপারে জানতে চাইলে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীতকরণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলেছে।