বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীর বৌদ্ধবিহার পাহাড়পুরে দর্শনার্থীদের আতঙ্ক এখন কুকুর। সেখানে বেড়াতে আসা দর্শনার্থীদের কুকুরগুলোর কারণে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।
বিশ্বের ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার। এটি বদলগাছী উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা সংস্কার হওয়ায় ভোগান্তি কমেছে দর্শনার্থীদের। ফলে প্রতিদিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। দূর-দূরান্ত থেকে সহজেই আসতে পারছেন দর্শনার্থীরা। দুই একজন বন্ধু ও বান্ধবী ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশির ভাগই বাস ও মাইক্রোবাসযোগে আসেন। যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দলবেঁধে আসেন তাদের মধ্যে বেশির ভাগই পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরের চত্বরে নিজেরা রান্না করেন। রান্না করে খাবারের সময় এসব দর্শনার্থীদের মধ্যে কুকুরের আতঙ্ক থাকে। সে সময় কুকুরগুলো চারপাশে ঘোরাঘুরি করে। সেখানে প্রায় ২৫-৩০টি কুকুর রয়েছে।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল বলেন, হাইকোর্টের রিটের কারণে কুকুর মারতে পারি না। তারপরও পর্যটকদের সুবিধার জন্য নিরাপত্তা কর্মীরা কুকুর তাড়িয়ে দেন।