মাগুরায় ধ্বংসের মুখে দুই গণকবর

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ১৩ মুক্তিযোদ্ধার দুইটি গণকবর অযত্ন ও অবহেলায় ধ্বংস হতে চলেছে। অনেকেই জানে না এখানে কোনো গণকবর ছিল। বাগান জঙ্গলে ভরা। মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার ঘরিয়া নামক স্থানে সড়কের দুই পাশে গণকবর দুইটি। একটি সাত জন এবং অপরটিতে ছয় মুক্তিযোদ্ধা শায়িত রয়েছেন।

১৯৭১ সালের ২২ আগস্ট মুক্তিযুদ্ধের সময় ১৩ জনের একদল মুক্তিযোদ্ধা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের মধ্য দিয়ে ফরিদপুরে যাওয়ার সময় শালিখার ছয়ঘরিয়ায় এলে রাজাকার তাদের আটক করে হত্যা করে ছয়ঘরিয়ার সড়কের দুই পাশে দুইটি গণকবর দেয়। তাদের বাড়ি রাজবাড়ি ও ফরিদপুরে। মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুর-ই-আলম বলেন, মাগুরার গণকবর ও বধ্যভূমিগুলো অযত্ন অবহেলায় ধ্বংস হতে চলেছে। অবিলম্বে গণকবর ও বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হোক। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, ছয়ঘরিয়ার গণকবরসহ শালিখা উপজেলার সমস্ত গণকবর সংরক্ষণের পরিকল্পনা আছে।