নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে সোমবার পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পরে সদর রোডে দুদক বরিশাল বিভাগীয় পরিচালক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

রাজশাহী : রাজশাহীতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শপথ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে সরকারি কর্মকর্তারাও অংশ নেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পিরোজপুর : জেলার গোপালকৃষ্ণ টাউন ক্লাব চত্বরে দিবসের উদ্বোধন করা হয়। এরপর ক্লাব রোডে মানববন্ধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, টিআইবি-সনাকের সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ।

নীলফামারী : নীলফামারীতে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

বাগেরহাট : জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ অংশ নেন।

সুনামগঞ্জ : জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, ঝিনাইদহ জেলা এবং বরগুনার বেতাগী, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, পাবনার ভাঙ্গুড়া, কিশোরগঞ্জের বাজিতপুর, বগুড়ার আদমদীঘি, মেহেরপুরের গাংনী, কুমিল্লার হোমনা, সিরাজগঞ্জের তাড়াশ, চুয়াডাঙ্গার জীবননগর, গাইবান্ধার পলাশবাড়ী, দিনাজপুরের কাহারোল, চাঁদপুরের মতলব উত্তর, কুড়িগ্রামের উলিপুর, রংপুরের বদরগঞ্জ, নাটোরের লালপুর, শরীয়তপুরের ডামুড্যা, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার তালা, টাঙ্গাইলের নাগরপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে।