গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক মহলে তুলে ধরার আহ্বান
ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে শুরু হয়েছে বিজয় উত্সব। গতকাল ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস। এ দুটি উপলক্ষ্যকে সামনে রেখে গতকাল গণহত্যার ওপরে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক আলোচনা দিয়ে সূচনা হয় উত্সবের। সেন্টার ফর দ্যা স্টাডিজ অফ জেনোসাইড অ্যান্ড জাস্টিসের আয়োজনে এ আলোচনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, পৃথিবীর ইতিহাস বলে গণহত্যা কোনো রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারেনি। বরং সেই জনগোষ্ঠী স্বাধীনতাকামী হয়ে ওঠে। ২৫ মার্চের গণহত্যা বাংলাদেশের মানুষকেও মুক্তিযুদ্ধের পথে নিয়ে গিয়েছিল। তারা বলেন, মুক্তিযুদ্ধের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এজন্য তথ্যপ্রমাণ নিয়ে আন্তর্জাতিক মহলে তুলে ধরার তাগিদ দেন তারা। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনী ও গণহত্যার বিষয়টি তরুণ প্রজন্মের সামনে গল্পের আকারে তুলে ধরার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তরুণ গবেষকরা। ‘গণহত্যার ইতিহাস থেকে শিক্ষা’ বিষয়ে আলোচনা করেন সাইফ উদ্দিন আসিফ, নুরী মালিহা ও তাবাসসুম নুহা। ‘বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি’ বিষয়ে আলোচনা করেন সানজিদা শাহরিন স্বর্ণা ও নুরেম শাহপারা প্রাপ্তি। ‘চলমান গণহত্যা ও উত্তরণের উপায়’ নিয়ে আলোচনা করেন মোসাররাত মেহবুবা আলম ও নাদিয়া ইসলাম নদী। আর সবশেষে ‘শান্তি ও সম্প্রীতির আদর্শ প্রসারে তরুণ প্রজন্মের ভূমিকা’ নিয়ে আলোচনা করেন মো. আরিফ জাওয়াদ ফাহিম, সাওদ বিনতে সারওয়ার ও রাঈদা রুম্মান।