প্রধান বিচারপতির এজলাসে বসছে সিসি ক্যামেরা

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। দুএকদিনের মধ্যেই এসব ক্যামেরা বসানো হবে। এজলাস কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটানো এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

গত ৫ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে। ঐদিন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা এ ঘটনা ঘটান। এতে ব্যাহত হয় বিচার কাজ। আগামী ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সূত্র জানায়, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। রবিবার এক আইনজীবী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে লিগ্যাল নোটিশ পাঠান। ঐ নোটিশ অনুযায়ী কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে তাদের পদক্ষেপ নিতে বলা হয়।