* আর্চারিতে দশে দশ * গেমস ইতিহাসে প্রথম দল হিসেবে ডিসিপ্লিনের সব স্বর্ণজয় * এক ডিসিপ্লিনে বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণজয়
নেয়ামত উল্লাহ
বাংলাদেশের আর্চাররা দলীয় ইভেন্টগুলোয় ছয়টি স্বর্ণ জিতে অর্ধেকটা অর্জন আগের দিনই সেরে রেখেছিলেন। গতকাল সোমবার পোখারায় এসএ গেমস আর্চারির ব্যক্তিগত ইভেন্টগুলোতেও জিতে নিল সবকটি স্বর্ণ। তাতে গেমসের কোনো এক ডিসিপ্লিনে সব স্বর্ণ জেতার অনন্য উচ্চতায়ই চড়লেন রোমান সানারা। চলতি এসএ গেমসে তাদের ১০টি স্বর্ণজয় ভেঙে দিয়েছে এসএ গেমসের এক ডিসিপ্লিনে সর্বোচ্চ স্বর্ণজয়ের রেকর্ডও।
হিমালয় শৃঙ্গ অন্নপূর্ণার পাদদেশে লেক পরিবেষ্টিত এই পোখারায় গত রবিবার রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে নারী-পুরুষ ও মিশ্র দলগত ইভেন্টে ছয়টি স্বর্ণই জিতেছিলেন দেশের আর্চাররা। এরপর গতকাল সোমবার একক ইভেন্টগুলোর সবকটি স্বর্ণজয় জন্ম দিল অনন্য এক ইতিহাস। এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে একটি নির্দিষ্ট ডিসিপ্লিনের সবকটি স্বর্ণ জেতার কীর্তি গড়ে দেখাতে পারেনি কোনো দেশই। রোমান সানা-সুমা বিশ্বাসদের কল্যাণে বিরল এই কৃতিত্ব দেখানো প্রথম দেশটিই হয়ে রইল বাংলাদেশ।
অন্নপূর্ণা থেকে পোখারার দূরত্বটা ৪০ কিলোমিটারের মতো। তবে দূষণহীন প্রকৃতি আর আলো-ঝলমলে আবহাওয়ায় পোখারা স্টেডিয়াম থেকে খালি চোখেই অন্নপূর্ণার দেখা মেলে। বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কোলেই তাই বলা চলে অনন্য এক উচ্চতায় উঠলো বাংলাদেশ আর্চারি।
স্বর্ণোজ্জ্বল দিনের শুরুটা সোহেল রানার হাত ধরে। পোখারা স্টেডিয়ামে রৌদ্র উজ্জ্বল সকালে প্রথম দ্বৈরথটা ছিল কম্পাউন্ড পুরুষ এককের। সেখানে ভুটানের তানদিন দোর্জির প্রবল প্রতিরোধের মুখে ১৩৭-১৩৬ ব্যবধানের জয় তুলে নিয়ে আর্চারিকে সপ্তম স্বর্ণটি এনে দেন সোহেল।
তার এ সাফল্যে দারুণ এক কীর্তিও গড়ে বসে বাংলাদেশি তিরন্দাজরা। এর আগে কোনো আসরের এক ডিসিপ্লিনে বাংলাদেশের সেরা সাফল্য ছিল সাঁতারে। ১৯৮৫ সালে ঢাকা এসএ গেমসে সর্বমোট ছয়টি স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশি সাঁতারুরা। চলতি এসএ গেমসে সপ্তম স্বর্ণটি জিতে আর্চাররা গতকাল সে কীর্তি ছাপিয়ে যান।
আর্চারদের সাফল্য কাল এখানেই থেমে থাকেনি। সুমা বিশ্বাসের সামনে অবশ্য লঙ্কান প্রতিপক্ষ অনুরাধা করুণারন্তে দাঁড়াতেই পারেননি। দারুণ প্রতাপ নিয়ে ১৪২-১৩৪ ব্যবধানের জয় পান তিনি। ফলে আর্চারি জেতে দিনের দ্বিতীয় ও সবমিলিয়ে অষ্টম স্বর্ণপদক।
রিকার্ভ সেমিফাইনালে গত শুক্রবার ভুটানের প্রথম অলিম্পিক নিশ্চিত করা কারমাকে হারিয়েছিলেন ইতি খাতুন। সে অর্জনের পর গতকাল যদি স্বর্ণ না জিততেন ইতি, সেটাই হয়ে থাকতো বিস্ময়। বাংলাদেশি এই আর্চার কোনো বিস্ময় জন্ম নিতে দেননি। কারমারই স্বদেশী দিমা সোনামকে ৭-৩ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের প্রথম স্বর্ণপদকটি তুলে নেন।
রোমান সানা এর আগে বৈশ্বিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাদ পেয়েছেন। সে তুলনায় আঞ্চলিক প্রতিযোগিতা এসএ গেমসের স্বর্ণপদক তো নস্যি! তবু বাকি আর্চারদের সাফল্য তার স্বর্ণজয়টাকেও এক প্রকার বাধ্যতামূলকই বানিয়ে দিয়েছিল। ‘পারফেক্ট টেন’-এর দায়ও ছিল বৈকি!
এসএ গেমস আর্চারির সমাপনী দ্বৈরথ রিকার্ভ পুরুষ এককের ফাইনালে ভুটানের টি সারিং কিনলেকে কোনো সুযোগ না দিয়ে ৭-১ ব্যবধানে হারিয়ে সে দায় থেকেও মুক্তি নেন সানা। ফলে দশম স্বর্ণটি জিতে বাংলাদেশ আর্চারি দলও করে চক্রপূরণ।