স্পোর্টস রিপোর্টার
ধ্বংসস্তূপ থেকে আবার ফিরে এসেছেন মোহাম্মদ আমির।
স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞায় শুরুতেই শেষ হতে বসেছিল তার ক্যারিয়ার। সেই নিষেধাজ্ঞা থেকে আবার ফিরে এসেছেন। ফর্মেও ছিলেন। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের আগে বছরখানেক একদমই নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। একটা ধারণাই হয়েছিল, আমির আর নিজেকে খুঁজে পাবেন না। তাকে ছাড়াই বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ সময়ে তাকে নেওয়া হয়েছিল বিশ্বকাপে।
বিশ্বকাপে আরেকবার নিজেকে প্রমাণ করেছেন। প্রমাণ করেছেন এখনো তিনি ফুরিয়ে যাননি। একটার পর একটা উইকেট নিয়েছেন। আর সেই দুরন্ত ফর্ম নিয়েই এসেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে। বাংলাদেশে এসে খুলনা টাইগার্সের হয়ে অনুশীলন করার আগে বললেন, বিপিএলের এবারের ফরম্যাট নিয়ে তিনি খুশি। কারণ, এবার খেলোয়াড়দের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।
এবার আমির বিপিএল খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। সেখানে কেমন করতে পারবেন, সেটা খেলা শুরু হলে বোঝা যাবে। তার আগে পাকিস্তানি এই পেসার বলছিলেন, তিনি দল নিয়ে খুব আশাবাদী, ‘আমি কেবলই এলাম। আপনারা যদি আমাদের দল খুলনা টাইগার্স দেখেন, দেখবেন খুব ভালো দল হয়েছে, বিশেষ করে স্থানীয় ভালো খেলোয়াড় আছে এই দলে। আশা করছি ভালো কিছু করব।’
‘এবারের বিপিএলটা হচ্ছে একটা বিশেষ সংস্করণ হিসেবে।’ আমির বলছেন, এটা খেলোয়াড়দের জন্য ভালো একটা ব্যবস্থা হয়েছে, ‘বড়ো তফাত হলো এবার ক্রিকেট বোর্ড সবকিছু করছে। চুক্তিটুক্তি সব তারা দেখছে। এটা প্লাস পয়েন্ট কারণ আমাদের এতে কোনো সমস্যা মোকাবিলা করতে হবে না।’
আমির দলগতভাবে সাফল্য তো চানই। সেই সঙ্গে এই টুর্নামেন্টে নিজের লক্ষ্যটাও ঠিক করে ফেলেছেন। তিনি টুর্নামেন্টের সেরা বোলার হতে চান, ‘ব্যক্তিগতভাবে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই।’