স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী লিভারপুল আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যখন রেডবুল সালজবুর্গের মাঠে খেলতে নামবে, সে সময় তাদের সঙ্গী হবে বিদায় নিয়ে ইউরোপা লিগে চলে যাওয়ার শঙ্কাও। নকআউট নিশ্চিত না হলেও ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ন্যাপোলি কিছুটা স্বস্তি নিয়েই গেঙ্কের বিপক্ষে খেলবে। শিরোপা-প্রত্যাশী বার্সেলোনা আজ রাতে ইন্টারমিলানের আতিথ্য গ্রহণ করবে।
লিভারপুল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেডবুল সালজবুর্গের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ই পেয়েছিল। অ্যানফিল্ডের সেই ম্যাচটিতে ৩০ মিনিটে তিন গোলে এগিয়ে গেলেও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প প্রায় লিখেই বসেছিল সফরকারী সালজবুর্গ। ৬৯ মিনিটে মোহামেদ সালাহর গোলে সে যাত্রায় বেঁচে গিয়েছিল অল রেডরা।
সেই সালজবুর্গের বিপক্ষে তাদেরই মাঠে আজ খেলবে লিভারপুল। জিতলে গ্রুপসেরা হয়েই নকআউটে, আর হারলে ন্যাপোলি-গেঙ্ক ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের নকআউট ভাগ্য। এমনই এক সমীকরণের সামনে থেকে অস্ট্রিয়ায় পৌঁছেছে ক্লপের শিষ্যরা। মিডফিল্ডার জর্জিনিও ওয়াইনাল্ডাম আর ফরোয়ার্ড অ্যাডাম লাল্লানার চোট সমস্যা থাকলেও ম্যাচের আগেই তাকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ য়ুর্গেন ক্লপ।
৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির অবশ্য দুশ্চিন্তাটা একটু কম। প্রতিপক্ষ গেঙ্কের সাম্প্রতিক ফর্মটা এর কারণ। চলতি চ্যাম্পিয়নস লিগে মোটে একটি ড্র পাওয়া দলটিকে নিজেদের মাঠে হারালেই দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে যাবে কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের।
তবে মুদ্রার উলটো পিঠে আছে একটু ভয়ও। যদি গেঙ্ক তাদের প্রথম জয়টি তুলে নেয় আর সালজবুর্গ হারায় লিভারপুলকে, তাহলে বিদায়ঘণ্টা বেজে যাবে তাদের। সেটা যদি হয়েই যায়, তবে শেষ কিছুদিনে নড়বড়ে হয়ে যাওয়া অ্যানচেলত্তির চাকরির ইতিই ঘটে যেতে পারে আগামী কয়েক দিনে!
তবে ‘এফ’ গ্রুপ থেকে বার্সেলোনা আগেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে ফেলেছে। আজ রাতে ইন্টার আর ডর্টমুন্ডের মধ্যে লড়াইটা হবে দ্বিতীয় স্থান নিয়ে। সাত পয়েন্ট নিয়ে থাকা দুই দল নিজেদের মাঠে আতিথ্য দেবে যথাক্রমে বার্সেলোনা ও স্লাভিয়া প্রাগকে। নিজেদের জয় আর অন্য দলটির হার ইন্টার আর ডর্টমুন্ডের যে কোনোকে তুলে দেবে নকআউটে।
‘জি’ গ্রুপে নকআউট নিশ্চিত হয়নি কারোরই। আবার বিদায়ও নেয়নি কেউ। আজ রাতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা লিওঁর মুখোমুখি হবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিপজিগ। গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে হলে এই ম্যাচে নিদেনপক্ষে ড্র করতে হবে লিপজিগকে। জেনিথ আর লিওঁর প্রয়োজন জয়।
হারলেও একটা সুযোগ অবশ্য থাকছে। যদি দুই দলই হারে, তাহলে তুলনামূলক বড়ো ব্যবধানে হারা দলটি চলে যাবে ইউরোপায়। তবে দুটি দলই যদি তিন গোলের ব্যবধানে হারে, তবে চারে থাকা বেনফিকা দ্বিতীয় দল হয়ে চলে যাবে দ্বিতীয় পর্বে। যদি এর বিপরীতটা ঘটে, তাহলে শীর্ষে থাকা লিপজিগ বিদায় নেবে। আর জেনিথ-লিওঁ চলে যাবে পরের রাউন্ডে।
‘এইচ’ গ্রুপে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে ড্র প্রয়োজন আয়াক্সের। আর পরের রাউন্ডে জিতে জয় প্রয়োজন ভ্যালেন্সিয়া ও চেলসির। এমনই সমীকরণ নিয়ে আয়াক্স আতিথ্য দেবে ভ্যালেন্সিয়াকে আর চেলসি নিজের মাঠে খেলবে লিলের বিপক্ষে।
আজকের খেলা
সালজবুর্গ লিভারপুল
ন্যাপোলি গেঙ্ক
চেলসি লিলে
আয়াক্স ভ্যালেন্সিয়া
ডর্টমুন্ড স্লাভিয়া প্রাগ
ইন্টার বার্সেলোনা
লিওঁ লিপজিগ
বেনফিকা জেনিথ
হারের শঙ্কা এড়াতে লিভারপুলের অনুশীলনে মোহাম্মদ সালাহ —এএফপি