সোনার লড়াইয়ে নেপাল-ভুটান
স্পোর্টস রিপোর্টার
সোনার পদক জয় করতে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নেপাল থেকে আগামীকাল ঢাকায় ফিরবে ফুটবল দল। বাংলার ক্রীড়াবিদরা যখন বিভিন্ন ডিসিপ্লিনে সোনার পদক জয়ের খবর দিচ্ছিলেন তখন ফুটবল মাঠে বাংলাদেশ সোনার লড়াইয়ে ব্যর্থ হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আশা-ভরসা সব জলাঞ্জলি দিয়েছেন। গোলকিপার জিকো, অধিনায়ক জামাল ভুইয়া, ইয়াসিন খান, ইব্রাহিম, সাদ উদ্দিন, সুফিল, বিপলু, আরিফুর, রিয়াদুল, টুটুল হোসে বাদশা, রহমত মিয়া, নাবীব নেওয়াজ জীবনদের মাথা নিচু করা পারফরম্যান্স সোনার পদক বঞ্চিত করেছে বাংলাদেশকে। দশরথের এ মাঠ হতেই ৯৯ সালে সাফ গেমস ফুটবল হতে সোনার পদক জয় এনে দিয়েছিলেন জুয়েল রানা, আলফাজ, মিন্টু, রকিব, হাসান আল মামুন, বিপ্লবরা। সেই মাঠে বাংলার বর্তমান ফুটবলারদের পারফরম্যান্স উজ্জ্বলতা ছড়াতে পারেনি।
এসএ গেমসে ফুটবলে ভারত খেলবে মনে করে দুই গ্রুপ নিয়ে ফিকশ্চারও ঘোষণা করেছিল নেপাল। কিন্তু ভারত না খেলায় গ্রুপ ভেঙে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপকে নিয়ে লিগ পদ্ধতির খেলার ফিকশ্চার ঘোষণা করে। সবাই সবার বিপক্ষে খেলবে। সর্্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে। এতে বাংলাদেশের সুবিধাই হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে ভুটানের (১-০) কাছে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে গোল করে এগিয়ে থেকেও (১-১) ড্র করে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হিসাবটা ছিল ফাইনালে উঠতে হলে জিততেই হবে। কিন্তু নেপালের বিপক্ষে দশরথের মাঠে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে বাংলাদেশ ১১ মিনিটে গোল হজম করে সেটি ফেরাতে পারেনি। মাথা গরম করে খেলাটাই নষ্ট করেছে। মাথা গরম করে লালকার্ডে মাঠ ছাড়তে হয়েছে। নেপাল আহামরি ফুটবল খেলেনি। ওরা মাথা ঠান্ডা রেখে ম্যাচটা ধরে রেখে ফাইনালে উঠে গেছে।
ভুটান ও নেপাল ফাইনাল আজ
দশরথের মাঠে আজ ফুটবল উত্সব করবে নেপাল। তাদের নিজেদের মাঠে আবার এসএ গেমসের ফাইনালে খেলছে নেপাল। ফুটবল খেলাটাকে অনেক বড়ো উত্সব মনে করে তারা। খেলার দিন স্টেডিয়াম আঙ্গিনা উত্সবে মাতিয়ে দেয়। ৪ খেলায় ৩ জয়, ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। ৪ খেলায় ৩ জয় ১ হারে ভুটান ৯ পয়েন্ট নিয়ে ফুটবল ফাইনালে উঠেছে। তিন বার সোনার পদক পেয়েছে নেপাল। আর ভুটানের সর্্বোচ্চ অর্জন ছিল ২০০৪ ইসলামাবাদ এসএ গেমসে চতুর্থ হয়েছিল। সেই ভুটান এবারই প্রথম ফাইনাল খেলছে। ভুটানকে আর এখন খাটো দেখার সুযোগ নেই, সেটা প্রমাণ করেছে তারা।
আজ নেপালকে হারিয়ে ফুটবলে প্রথম সোনা জয়ের স্বাদ নিতে চায় ড্রাগন বয়েজরা।