পুলিশ, সাইফ ও নৌবাহিনী এগিয়ে

প্রিমিয়ার দাবা

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার দাবা লিগের তৃতীয় রাউন্ডের খেলায় পুলিশ, গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ও নৌবাহিনী পূর্ণ ৬ পয়েন্টে করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছে। গতকাল এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত খেলায় পুলিশ ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংককে, সাইফ ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ও নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে বিমানকে হারায়। পুলিশ দলের গ্র্যান্ড মাস্টার যোবাভা বাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, মিখাইল মেচডলিশব্যালি ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়েছেন যথাক্রমে সোনালী ব্যাংককের কৃষ্ণা থাপা, আবিজিদ রহমান, আবু হানিফ ও মতিউর রহমান মামুনকে। সাইফের বেলারুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে সুলতানা কামাল পাঠাগারের সুবেদি রাজান, উতেন, কুশাথা নিকেন ও মিজানুর রহমানকে হারিয়েছেন।

নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে বিমানের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও জাবেদ আল আজদেকে হারান। আজ চতুর্থ রাউন্ডের খেলা হবে বিকাল ৩টা থেকে।