পেশিশক্তি, উদ্ভাবনীক্ষমতা, স্কিল ও নান্দনিকতা, সব মিলিয়ে যেন আদর্শ টি-টোয়েন্টি ব্যাটিং। কেরালার উইকেট ছিল খানিকটা শুষ্ক। সেই মন্থর ২২ গজেই উঠল ক্যারিবিয়ান ঝড়। তাতে উড়ে গেল ভারত। ৮ উইকেটের দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড় টপকে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় সফরকারীরা জিতল প্রবল প্রতাপে। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। থিরুভানান্তাপুরামে রোববার ভারতকে ১৭০ রানে আটকে রেখে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ বল বাকি রেখে। খানিকটা মন্থর উইকেটে ১৭১ রান তাড়া হতে পারত কঠিন। কিন্তু দাপুটে ব্যাটিংয়ে সেটিকেই খুব সহজ বানিয়ে ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা এগিয়ে দেয় উদ্বোধনী জুটি। এভিন লুইস ও লেন্ডল সিমন্স তোলেন ৭৩ রান। তিনটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪০ করে থামেন লুইস। তাতে থামেনি ক্যারিবিয়ানদের তাণ্ডব। তিনে নেমে শিমরন হেটমায়ার তিন ছক্কায় করেন ২৩।
এক প্রান্তে সিমন্স খেলেছেন দারুণ। চারে নেমে তাণ্ডব চালান নিকোলাস পুরান। দুজনের ২৯ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ করে দেয় ম্যাচ। ওপেনিংয়ে নেমে চারটি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন সিমন্স। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে পুরান অপরাজিত থাকেন ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে।
—বিডি নিউজ