নোয়াখালী প্রতিনিধি
জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রাম থেকে রবিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সহেল ওরফে মোহন (২৬), একই গ্রামের মো. নুর আলমের ছেলে মো. আবদুল্ল্যাহ কবির (২৫), হুমায়ুন কবিরের ছেলে আরিফ হোসেন হূদয় (২৩) ও কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)।
গতকাল সোমবার দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিট গ্রেফতারকৃতদের জেলার ১ নম্বর আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেব উদ্দিন খান প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।