নতুন মিস ইউনিভার্স দ. আফ্রিকার তুনঝি

চলতি বছরের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনঝি। রবিবার যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের টেইলার পেরি স্টুডিওতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে কৃষ্ণাঙ্গ তুনঝির মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ক্যাটরিওনা গ্রে। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন। খবর:সিএনএন।

সেরার মুকুট মাথায় পরার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তুনঝি বলেন, আমি এমন এক দেশে বেড়ে উঠেছি, যেখানে প্রায় সব নারী ও মেয়ে দেখতে আমার মতো, সেখানকার সবার ত্বক ও চুল আমার মতোই। তবে সেখানে এমন নারীকে                কখনো সুন্দর মনে করা হয় না। আমি মনে করি, এই ধারা থামানোর সময় এসে গেছে। আমি চাই, শিশুরা আমার দিকে তাকাবে, আমাকে দেখবে এবং আমি চাই তাদের চেহারা আমার মধ্যে প্রতিফলিত হবে।

২৬ বছর বয়সী তুনঝি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বাস করেন। তিনি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়। এবার মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের শিরিন আক্তার শিলা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।