শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। আগামী ৮০ বছরেও এ বিষয়ে কোনো সুখবর নেই। অবশ্য জাতিসংঘ সম্প্রতি তাদের এক রিপোর্টে বলেছে, চলতি শতাব্দীর শেষে জনসংখ্যার প্রবৃদ্ধি শূন্য পর্যায়ে আসবে। বাড়তি জনসংখ্যার চাপ সামলাতে দেশে দেশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সুফল মেলেনি। তবে ২১০০ সালে প্রতি নারীর গড় সন্তান নেওয়ার হার দাঁড়াবে ১ দশমিক ৯ জনে। বর্তমানে এটির গড় আড়াই জন। তবে সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে—চলতি শতাব্দীর শেষে গিয়ে অর্থাত্ ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে এক হাজার ৯০ কোটিতে। ১৯৫০ সালে ছিল আড়াই শ কোটি। বর্তমানে জনসংখ্যা দাঁড়িয়েছে ৭৭০ কোটিতে।
আগামীতে জনসংখ্যা সবচেয়ে বেশি বাড়বে আফ্রিকা অঞ্চলে। ২০২০ সালে এ মহাদেশে জনসংখ্যা দাঁড়াবে ১৩০ কোটিতে। ২১০০ সালে এ সংখ্যা দাঁড়াবে ৪৩০ কোটিতে। অবশ্য যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এ সময় জনসংখ্যা বাড়লেও তার হার হবে অনেক কম।
এদিকে, শতাব্দীর বাকি বছরগুলোতে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমবে। অপরদিকে, এশিয়ার দেশগুলোতে ২০৫৫ সালের আগে জনসংখ্যার হার কমবে না। ২০২০ সালে এশিয়ার জনসংখ্যা হবে ৪৬০ কোটি। ২০৫৫ সালে গিয়ে তা দাঁড়াবে ৫৩০ কোটিতে। ২০৩১ সালে চীনের জনসংখ্যা প্রবৃদ্ধি শূন্য হবে। অপরদিকে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ২০২০ সাল থেকে কমতে থাকবে। আর ভারতের জনসংখ্যা ২০৫৯ সাল পর্যন্ত বাড়তে থাকবে। তখন দেশটির জনসংখ্যা দাঁড়াবে ১৭০ কোটিতে। ২০২৭ সালে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে। অপরদিকে, ২০৬০ সালের মধ্যে সন্তান জন্মদানের ক্ষেত্রে আফ্রিকার দেশগুলো এশিয়াকে পেছনে ফেলবে। ২১০০ সালে সারাবিশ্বে যত শিশু জন্মাবে তার অর্ধেকই জন্মাবে আফ্রিকার দেশগুলোতে।
আগামী দিনে অভিবাসনের কারণে উত্তর আমেরিকার জনসংখ্যা বাড়বে। জাতিসংঘ বলছে, আগামী ৮০ বছরে যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ কোটি লোক অভিবাসী হবে।
এদিকে, ২০২০ থেকে ২১০০ সাল পর্যন্ত ৯০টি দেশের জনসংখ্যা কমবে। এর মধ্যে ৩২টি দেশই ইউরোপের। ২১০০ সাল থেকে এসব দেশের জনসংখ্যা কমতে থাকবে। এছাড়া ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের অনেক দেশের জনসংখ্যাও কমবে এ সময়ে।
২১০০ সালে শুধু জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যতে নামবে তা নয়, মাঝবয়সীর সংজ্ঞাও পাল্টে যাবে। বর্তমানে ৩১ বছর বয়সী লোকদের মাঝ বয়সী ধরা হয়। ২১০০ সালে ৪২ বছর বয়সী লোকদের মাঝ বয়সী হিসেবে ধরা হবে। সঙ্গে সঙ্গে এই সময়ে বয়স্ক লোকের সংখ্যাও বাড়বে। জাতিসংঘ বলছে, বর্তমানে বিশ্বে ৮০ বছরের ওপরে লোকসংখ্যা ১৪ কোটি ৬০ লাখ। ২১০০ সালে তা গিয়ে দাঁড়াবে ৮৮ কোটি ১০ লাখে।