জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট নিয়ে অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করেছেন। তিনি যদি সেদিন সঠিক ব্যবস্থা নিতেন তাহলে আজকের এই অবস্থার সৃষ্টি হতো না। তিনি বলেন, বিচার বিভাগ থেকে যে বিচার পাওয়ার কথা ছিল অ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না। আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছেন। সেই রিপোর্টও এসেছে, কিন্তু অ্যাটর্নি জেনারেল সেটা অস্বীকার করলেন। এতে তিনি সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করেছেন। বিএনপি চেয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশে খন্দকার মাহবুব এসব কথা বলেন।
তিনি বলেন, এই সমাবেশ বিচার বিভাগের বিরুদ্ধে নয়। আমাদের প্রতিবাদ অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা এখনো বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ বিশেষ করে সুপ্রিম কোর্ট ন্যায়বিচার করবে। এই সমাবেশ আদালতের ওপর চাপ সৃষ্টির কোনো সমাবেশ নয়। আমরা চাই ন্যায়বিচার। খালেদা জিয়া ন্যায়বিচার না পেলে আইনজীবীরা রাজপথে নামবে। খন্দকার মাহবুব বলেন, পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখা যায় লালু প্রসাদকে জামিন দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। সেখানে যারা অ্যাটর্নি জেনারেল ছিলেন তারা বিচার বিভাগকে বিভ্রান্ত করেননি।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কিভাবে খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে পারা যায় সেজন্য মেডিক্যাল রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র চলছে। আইনজীবীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা আদালতের প্রতি ও বিচার বিভাগের প্রতি সম্মান দেখিয়েছে। ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। দেশের জনগণের মনে প্রশ্ন একটাই—জামিনে কবে মুক্তি পাবেন তিনি?
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে আইনজীবী নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট বার সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন, এম. বদরুদ্দোজা বাদল, তৈমুর আলম খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।