চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশগ্রহণেচ্ছু বিএনপির তিন জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমেদ খান এবং সাবেক যুগ্ম-আহ্বায়ক এরশাদ উল্লাহ। এর মধ্যে আবু সুফিয়ান গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভারতে চিকিত্সাধীন অবস্থায় চান্দগাঁও-বোয়ালখালী আসনের এমপি জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল মারা গেলে আসনটি শূন্য হয়। গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর।