শেখ রাসেল জাতীয় রোলবল চট্টগ্রামে শুরু হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আট জেলার অংশগ্রহণে চট্টগ্রামে আজ বুধবার শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় রোলবল প্রতিযোগিতা। প্রত্যেক দলের কোচ, ম্যানেজারসহ ৮০ প্রতিযোগী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা স্থলে এসে পৌঁছেছেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিকে কর্মকর্তা ও খেলোয়াড়দের রাখার ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিযোগিতার স্পন্সর করছে। সাড়ে ৬ লাখ টাকার বাজেটের সমুদয় অর্থ প্রদান করেছে স্পন্সর সংস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) রোলার স্কেটিং কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী শনিবার সন্ধ্যায় চার দিনব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে। গতকাল মঙ্গলবার সিজেকেএস মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংগঠনিক কমিটির সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।