হবিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

বই পাঠের অভ্যাস গড়ে তুলে একজন সত্যিকারের মানুষ হওয়ার আহ্বান জানিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের ওপর লেখা বই তুলে দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। গত সোমবার স্কুল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল লাইব্রেরির পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বইসহ কয়েক প্রকার বই শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানা। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন—জেলা শিক্ষা অফিসার রুহল উল্লা ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ। পরে নতুন বছরের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।