ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের হাটবাজারে মুড়িকাটি পেঁয়াজের আমদানি বাড়ার পর দাম কমেছে। চার দিনের ব্যবধানে দেশের অন্যতম প্রধান পেঁয়াজ হাট শৈলকুপায় পাইকারি বাজারে কেজিপ্রতি ৫০ টাকা করে কমেছে। খুচরা বাজারেও কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। এতে ক্রেতাদের মনে স্বস্তি এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, চলতি রবি মৌসুমে (২০১৯-২০২০) জেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজের উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় লাখ টন। ৯০০ হেক্টরে মুড়িকাটি পেঁয়াজ চাষ হয়েছে। পুরাদমে মুড়িকাটি পেঁয়াজ উঠতে শুরু করেছে।
শনিবার শৈলকুপা হাটে সরেজমিনে দেখা গেছে প্রচুর পেঁয়াজ উঠেছে। পাইকারি প্রতি কেজি পেঁয়াজের দাম কমে ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। একই হাটে দুই ঘণ্টা পর দাম কমে ৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
ঝাউদিয়া গ্রামের চাষি অজিত বিশ্বাস জানান, দুই বিঘা জমিতে মুড়িকাটি পেঁয়াজ চাষ করেছেন। শনিবার প্রতি কেজি ১৫০ টাকা দরে ১৫ মণ বিক্রি করেন। মঙ্গলবার একই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। সারুটিয়া গ্রামের চাষি সোহাগ হোসেন বলেন, আগের হাটে (শনিবার) প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি করেন। মঙ্গলবার দর কমে যায়। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আগামী হাটে আরো দাম কমবে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আগে তিন টন টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আরো চার টন বিক্রি চলছে। উপজেলা পর্যায়েও টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে বলে তিনি জানান।