বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় মঙ্গলবার বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ও ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্স এর সহযোগিতায় পুলিশ লাইনস মাঠে ঐ চিকিত্সাসেবা প্রদান করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুিমশ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (কালিঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের পুরাতন পৌরসভা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক এমপি। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা লীগের সহসভাপতি কোহিনুর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা মান্নান, সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান প্রমুখ। সম্মেলনে ফয়জুন্নেছা হামিদকে চৌদ্দগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাহমিনা হামিদকে সাধারণ সম্পাদক এবং যুব মহিলা লীগের সভাপতি জুলেখা বেগম ও সাধারণ সম্পাদক পদে নাসিমা আক্তারসহ ৭১ সদস্য বিশিষ্ট দুটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মানবাধিকার দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মানবাধিকার দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান প্রমুখ।
‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ গোপালগঞ্জ জেলা শাখার শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ গোপালগঞ্জ জেলা শাখার নেতারা।
তারা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সম্পাদক শেখ সাঈদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি লুত্ফর রহমান, সম্পাদক সোহাগ খান, পিরোজপুর পৌর শাখার সম্পাদক রোমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলার ভোটারদের মধ্যে মঙ্গলবার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ৩০ জনকে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দীন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন।
তিতাসে উঠান বৈঠক
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের বাতাকান্দি সরকার বাড়িতে মঙ্গলবার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রিমার সভাপতিত্বে প্রকল্পের বিষয়বস্তু নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. জান্নাত ইসলাম ও উপজেলা তথ্য সেবা দপ্তরের সহকারী কর্মকর্তা আমেনা আক্তার।
মানবতার দেওয়াল উদ্বোধন
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম উপজেলা ডাকঘরের বিপরীতে মঙ্গলবার মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল মানবতার দেওয়ালের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে একাধিক শীতার্ত সুবিধাবঞ্চিত, হতদরিদ্র বিভিন্ন বয়সের মানুষ মানবতার দেওয়াল থেকে প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে থাকে। অনেকে পোশাক গেঁথেও দেন। উপজেলা ডাকবাংলোর দেওয়ালে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেওয়াল প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার দেব শর্মা, পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রুমন প্রমুখ।