দেশের প্রথম ইসলামিক ওয়ালেটের উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট

দেশে প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক মোবাইল ব্যাংকিংসেবা ‘ইসলামিক ওয়ালেট’ চালু করেছে বেসরকারি খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল সেবার মাধ্যমে প্রতিদিনের লেনদেন, বিল পরিশোধ, অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে সব ধরনের আর্থিক লেনদেনের সুবিধা রয়েছে ডি-মানি বাংলাদেশের সহায়তায় যাত্রা শুরু করা এ ইসলামিক ওয়ালেটে।

গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ইসলামিক ওয়ালেট উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ও ডি-মানি বাংলাদেশের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ বর্তমানে ৩২০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। এটি বিশ্বের বৃহত্ অর্থনীতির দেশগুলোর মধ্যে ৩৯তম। বর্তমানে ১ শতাংশ লেনদেন শরিয়াহভিত্তিক ফিন্যান্সিয়াল টেকনোলজিতে হচ্ছে। ১৫টি ব্যাংক ও দুটি মোবাইল ব্যাংকিংসেবা প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক সঠিক সময়ে এ ধরনের একটি পণ্য (ইসলামিক ওয়ালেট) চালু করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী বলেন, ইসলামিক ওয়ালেট দেশের ব্যাংকিংসেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় নিয়ে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ওয়ালেটের মাধ্যমে টাকা উত্তোলন, জমা, ট্রান্সফার, গ্যাস, বিদ্যুত্ ও পানির বিল পরিশোধ করা যাবে। এছাড়া বিমানসহ বিভিন্ন পরিবহনের টিকিট কেনা, টিউশন ফি প্রদান, মার্চেন্ট পেমেন্ট, কিউআর কোড স্ক্যান পেমেন্ট, মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ ও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা যাবে।