৪১ মাস আগের জায়গায় শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার আরো তলানিতে নেমে গেছে। টানা ছয় কর্মদিবস শেয়ারবাজারের সূচক নিম্নমুখী। গতকাল শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৭ পয়েন্টে। যা তিন বছর পাঁচ মাস অর্থাত্ ৪১ মাস বা ৮২৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১১ জুলাই গতকালের চেয়ে নিম্নে অবস্থান করছিল ডিএসইর ডিএসইএক্স সূচকটি। ঐ দিন ডিএসইএক্স অবস্থান করছিল ৪ হাজার ৫০৫ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহসূচক ১০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১২ ও ১৫৪৮ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩০ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ২৯ লাখ টাকার।

ডিএসইতে গতকাল মঙ্গলবার ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির বা ২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৩টির বা ৫৮ শতাংশের এবং ৫৪টি বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। গতকাল কোম্পানিটির ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সায়হাম কটনের ৮ কোটি ৪৪ লাখ টাকার এবং ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সোনারবাংলা ইনসিওরেন্স।

ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : সিনোবাংলা, ড্যাফোডিল কম্পিউটার্স, ডাচ্-বাংলা ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, খুলনা পাওয়ার, লাফার্জহোলসিম এবং বৃটিশ আমেরিকান টোব্যাকো।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৯ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। গতকাল সিএসইতে ২৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।