৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

ইত্তেফাক রিপোর্ট

আগামী ৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নিদের্শাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাশ করেন। পাশ করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হতে পারে।