উত্তরায় সড়ক দখল করে ভাঙারির দোকান দুর্ভোগে পথচারী

নিলয় মামুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের অধীনে উত্তরার ১২ নম্বর সেক্টরে ভাঙারি দোকানের মালামাল রেখে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা হয়েছে। এতে ফুটপাতে হাঁটতে পারছেন না পথচারীরা। অন্যদিকে দূষিত হচ্ছে সড়কের পরিবেশ। একাধিকবার বলার পরও ঐ দোকানদার রাস্তা থেকে এসব সরঞ্জাম সরাচ্ছে না বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর শরীফুর রহমান। তিনি জানান, আমি গত শনিবার পর্যন্ত তাকে সময় দিয়েছিলাম। এর মধ্যে সে মালামাল সড়ক থেকে সরিয়ে  নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছিল। এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো।

সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানের উলটোপাশে ৬ নম্বর প্লটে ভাঙারি দোকান। সেই দোকানের মালামাল কার্টন, খাবারের প্যাকেট, বোতল, পলিথিন রাখা হয়েছে রাস্তার ওপরে। এছাড়া সেখানে রয়েছে ভাঙারি বিভিন্ন পণ্যও। এর পাশেই পড়ে রয়েছে ইট ও টাইলস সামগ্রী। পুরো রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে এই দোকানের কারণে।

অন্যদিকে শুধু এই ভাঙারি দোকানই নয়, পুরো সড়কের মধ্যে পড়ে রয়েছে আবর্জনাও। এছাড়া ড্রেনের সংস্কার কাজ করার কারণে এই পথে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এই সড়ক পার হয়ে সামনে গেলেই দেখা যায় আরো কিছু ভাঙারির দোকান রয়েছে। সেগুলোও জায়গা দখল করে নিজেদের পণ্য রেখেছে সড়কের পাশে।

এই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এই সড়কের অবস্থা খুবই নাজুক। এমনিতেই সড়ক সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে, এর ওপরে এই এলাকায় ভাঙারি দোকানের মালামালের কারণে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারছি না। এগুলো সরানোর কোনো উদ্যোগও নেই। যে যার মতো জায়গা দখল করে আছে। এ বিষয়ে দোকানের মালিক রমজান আলী জানান, তিনি খুব দ্রুতই মালামাল সরিয়ে নিবেন। ইতিমধ্যে তিনি কিছু মালামাল সরিয়েও নিয়েছেন।

সড়কে দীর্ঘ সময় খোঁড়াখুঁড়ির বিষয়ে কাউন্সিলর বলেন, আমরা ঠিকাদারদের দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বলেছি। কিন্তু তারা কিছু সময় চেয়েছে। তাই রাস্তা সংস্কারে দেরি হচ্ছে।