৪০ বছর ধরে আমার ওজন ৬২ কেজি -------মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি এবং বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী। ৯৪ বছর বয়সেও দিন-রাত পরিশ্রম করেন তিনি। এখনো তার কাজে-কর্মে তারুণ্যের ছাপ রয়েছে। আর এর কারণ তার ‘ফিটনেস’। সুস্বাস্থ্যের রহস্য সম্পর্কে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে মাহাথির বলেন, কাজের প্রতি ভালোবাসা আর স্বাস্থ্যসচেতনতাই সুস্বাস্থ্যের মূল রহস্য।

তিনি বলেন, ‘আমি কাজে ক্লান্তিবোধ করি না। কারণ আমি কাজ করে খুশি। আমি হালকা কিছু ব্যায়াম করি। তবে প্রধানত আমি আমার শরীরের ওজন স্থিতিশীল রাখার চেষ্টা করি। গত ৩০ থেকে ৪০ বছর ধরেই আমার শরীরের ওজন ৬২ কেজিতে স্থিতিশীল রয়েছে। এটি কখনো বদলায়নি।’ তিনি বলেন, ‘আমি কখনোই বেশি খাবার খাই না। খাবার মজার হলেও আমি বেশি খাই না।’

প্রসঙ্গত, ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০০৩ সালে তিনি অবসরে যাওয়ার পর ২০১৮ সালে আবারও রাজনীতিতে ফিরে আসেন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর মাহাথির বিশ্বের সবচেয়ে বেশি বয়সি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।