ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনকে অন্তর্ভুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।
সোমবার আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ আদালতে চার্জশিটটি দাখিল করেন।
চার্জশিটভুক্ত অন্যরা হলেন—ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুত্ফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিত্ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় এবং দি ফারমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) ।
অন্যদিকে মামলার এজাহারভুক্ত আসামি মো. জিয়া উদ্দিন আহমেদ তদন্ত চলাকালীন সময়ে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। চলতি বছরের গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এই মামলাটি দায়ের করেন।