ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনে বাধ্য করা হবে

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হওয়ার পর ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট নিবন্ধন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় শেষ হলেও এতে কাঙ্ক্ষিত মাত্রায় ভ্যাট নিবন্ধন হয়নি। এমন পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেছেন, ব্যবসায়ীরে ভ্যাট নিবন্ধনের আহ্বান জানানো হবে। যারা আহ্বানে সাড়া দেবেন না, তাদের বাধ্য করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সামনে ভ্যাট দিবস উপলক্ষ্যে র্যালি শুরু করার আগে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের প্রত্যেককেই অনলাইনে ভ্যাট নিবন্ধন করিয়ে নিতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা আছে। তাই ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে একদিকে আহ্বান জানানো হবে, অন্যদিকে বাধ্য করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিবিড় থাকবে এবং দেশসেবার ব্রত নিয়ে সবাই কাজ করবে।

ভ্যাট দিবসের র্যালি আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়। একই দিন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে দেশব্যাপী সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৪৪ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।