ব্যাংকের গ্রাহকের স্বাক্ষর জাল করে কৌশলে তার ব্যাংক হিসাব (একাউন্ট) থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলার আসামি হলেন—মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার প্রিভিলেজ সেন্টারের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ার, তার স্ত্রী ফারহানা হাবিব।
দুদক সূত্র জানায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার প্রিভিলেজ সেন্টারের গ্রাহক ফরদৌসী জামানের একটি একাউন্ট রয়েছে। ব্যাংক কর্মকর্তা জাহিদ সারোয়ার গ্রাহক ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে ব্যাংকের নথিতে থাকা গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজের একটি নম্বর ঢুকিয়ে দেন। এরপর হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে চারটি চেক বই সংগ্রহ করেন। ঐ চারটি চেক বইয়ের মধ্যে তিনটি চেক বই গ্রাহককে না দিয়ে নিজে রেখে দেন। তিনটি চেক বইয়ের ৬০টি চেকের পাতায় হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে এবং ১৬টি চেকে গ্রাহকের বেয়ারার মো. ইশতিয়াক হোসেন তালুকদারের স্বাক্ষর জাল করে ৪ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা তুলে নেন। পরে ঐ টাকার মধ্যে ২ কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যাংকের বসুন্ধরা শাখায় তার স্ত্রী ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশনের নামে থাকা ব্যাংক হিসাবে জমা করেন।