দুর্নীতির কারণে উন্নয়নের গতিধারা ব্যাহত হতে পারে ------- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেকে একটি সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। দুর্নীতির কারণে উন্নয়নের এই অব্যাহত গতিধারা ব্যাহত হতে পারে। তাই দুর্নীতির কারণে উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহে শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিকের সভাপতিত্বে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

প্রতিমন্ত্রী এর আগে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা জনতার বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। —তথ্য বিবরণী