পুলিশের বাধায় গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীতে পূর্বঘোষিত র্যালি করতে পারেনি বিএনপি। তবে ঢাকার থানায় থানায় ও জেলায় জেলায় বিক্ষোভ করেছে দলটি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি হওয়ার কথা ছিল। সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। র্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার এনামুল হক বলেন, ঢাকা শহরে অনেক যানজট। সরকারি অফিস-আদালত খোলা। এর মধ্যে র্যালি করলে যান চলাচলে সমস্যা হবে। জনদুর্ভোগ হবে।
যেহেতু বিএনপির র্যালি করার অনুমতি নেই, তাই করতে দেওয়া হবে না। তারপরও যদি করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, পুলিশ র্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দিচ্ছে না। দেশের গণতন্ত্র ও মানবাধিকারের চিত্র এটিই।
মানবাধিকার দিবস উপলক্ষ্যে র্যালি করতে না দেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষ্যে আমরা একটি র্যালি করার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের বলা হয়েছে অফিস থেকে নিচে নামলেই ব্যবস্থা নেবে। আমরা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চাই না, তাই র্যালি করিনি। আমরা আমাদের অধিকারের কথাগুলো বলার চেষ্টা করছি। জনসভা করতে গেলে অনুমতি নিতে হয়। সভা করতে দেওয়া হয় না। এমনকি সাংগঠনিক কার্যক্রমগুলোও করতে দেওয়া হয় না।’