লো পা চৌ ধু রী
নাট্যাঙ্গনে দীপু হাজরা একটি জনপ্রিয় নাম। প্রায় ১০ বছরে তিনি নির্মাণ করেছেন দর্শক নন্দিত নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। দীর্ঘ বছর চাকরি করেছেন একুশে টেলিভিশনে। সেখান থেকেই তার নাটক পরিচালনা শুরু। তার আলোচিত নাটকগুলোর মধ্যে ‘ইলু ইলু’, ‘শাপলা স্টুডিও’, ‘জিন্না কসাই’, ‘কুত্তা চোর’, ‘ভোদাই’, ‘কাক’, ‘ছবির দেশে কবিতার দেশে’, ‘লাভ রশিদ’, ‘গান মজিদ’, ‘মফিজ বিএসসি’, ‘মেন্টাল ফ্যামিলি’, ‘হেপি ফ্যামিলি’, ‘ভাগের মা’, ‘জয়েন ফ্যামিলি’ উল্লেখযোগ্য। এই নাটকগুলো এতটাই দর্শক-সাড়া ফেলেছে যে, দীপু হাজরা মানেই নতুন কিছু, নতুন ভাবনা দিয়ে তিনি নির্মাণ করেন সমাজের অসংগতির প্রতিচিত্র। ‘থ্রি কমরেডস’ নামের ১০৭ পর্বের একটি ধারাবাহিক নাটক তিনি নির্মাণ করেন যেটি একুশে টেলিভিশনে প্রচারিত হয়েছে। নাটকের শুটিংয়ে একাধিকবার গিয়েছেন থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপালে। নানা গল্পের নাটক নির্মাণ করলেও এই প্রথম ‘সেই আমি’ নামে বিজয় দিবসের একটি টেলিফিল্ম তিনি নির্মাণ করেছেন। যেটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান। হঠাত্ বিজয় দিবসের টেলিফিল্ম নির্মাণ করলেন কেন? উত্তরে দীপু হাজরা বলেন, ‘আমি এর আগেও নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু যদি নির্দিষ্ট কোনো চ্যানেল প্রচারের দায়িত্ব না নেয় তাহলে এই ধরনের কাজ অনেকটা ঝুঁকিতে পড়ে যায়। অন্যদিকে ‘সেই আমি’ টেলিফিল্মের গল্পটি আমার বেশ ভালো লেগেছে, তাই কাজটি করা। এই টেলিফিল্মটির মাধ্যমে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথা দর্শক জানতে পারবেন। মূলত তাঁকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে। এমন একটি টেলিফিল্ম করতে পেরে গর্বিত অনুভব করছি।’ টেলিফিল্মটি চ্যানেল আইয়ের বিজয় দিবসের অনুষ্ঠানমালায় আগামীকাল শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।