উদয় শংকরের জন্মবার্ষিকী উদযাপন

আমিনুল ইসলাম হিরু

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

 

গত ৮ ডিসেম্বর আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বগুড়ায় উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকরের ১১৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (পৌর উচ্চ বিদ্যালয়) হলরুমে লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উদয় শংকরের জীবনী নিয়ে আলোচনা করেন সংগঠনের নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ, নৃত্যশিল্পী মুস্তারিন হাসান মুমু, মাহিয়া ইয়াসমিন, আশিকুজ্জামান রিপন, মাসুকুর রহমান সুরুজ, সাব্বির আহম্মেদ দোয়েল, সাকিল মণ্ডল প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন, ‘উদয় শংকর যে ঘরানার নৃত্যশিল্পী ছিলেন, যে নৃত্য দিয়ে তিনি জগত্ বিখ্যাত হয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা রেখে সমসাময়িক ও সৃজনশীল নৃত্যের প্রতি শিল্পীদের আরো মনোযোগী হতে হবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘এই নৃত্যশিল্প বিকাশে আগামীতে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ থেকে নৃত্যগুরু এনে উদয় শংকর যে ঘরানার নৃত্য করতেন সেই রকম কর্মশালার আয়োজন করা হবে।’

শেষে মাহাবুব হাসান সোহাগের পরিচালনায় শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। হিমেল সন্ধ্যায় শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন ও নুপুর নিক্কনে হলভর্তি দর্শক-শ্রোতা মুগ্ধ হন।