প্রামাণ্য কাহিনিচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’

১৬ ডিসেম্বর রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য কাহিনিচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’। প্রমাণ্য কাহিনিচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন মারুফ হাসান এবং চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রযোজক ব্রাত্য আমিনের তত্ত্বাবধানে ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক বিজয় অর্জিত হলেও কার্যত দেশ শত্রুমুক্ত হয় আরো দেড়মাস পর। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি স্বাধীন দেশে পাকিস্তানি ও বিহারিদের দ্বারা অবরুদ্ধ ঢাকার মিরপুর মুক্তকরণই ছিল মূলত স্বাধীনতার শেষ যুদ্ধ। এই প্রামাণ্য-কাহিনিচিত্রে আমরা দেখতে পাই যে, দৈনিক পত্রিকা বা গবেষণাধর্মী প্রবন্ধে মিরপুর যুদ্ধের কিছু বিষয় উঠে এলেও আজো জনসমক্ষে তেমনভাবে দৃশ্যমান না হওয়া এই ঘটনাটি পর্দায়তুলে আনতে কাজ শুরু করেন একটি অডিও-ভিজ্যুয়াল নির্মাণ প্রতিষ্ঠানের তরুণ নির্মাতা পাভেল। তার কঠোর পরিশ্রমে নির্মিত হয়েছে এই কাহিনিচিত্রটি।