যুক্তরাষ্ট্র সফরে ইরানের সতর্কতা জারি

 

যুক্তরাষ্ট্র সফরে নিজ দেশের নাগরিকদের, বিশেষ করে বিজ্ঞানীদের সতর্ক করেছে ইরান। গত মঙ্গলবার এই সতর্কতা জারি করা হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, বিচারবহির্ভূত আটক বা আমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ইরানিরা।

ইরানের নাগরিক, বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি ও বিজ্ঞানীদের সতর্ক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলতে তাদের অনুরোধ জানানো হয়েছে। এমনকি কোনো সম্মেলন বা কোনো ধরনের আমন্ত্রণেও যুক্তরাষ্ট্রে সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঐ বিবৃতিতে বলা হয়েছে, ইরানিদের প্রতি যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর ও একতরফা আইন, বিশেষ করে ইরানের বিশিষ্ট ব্যক্তিত্বদের ওপর স্বেচ্ছাচারিতা এবং দীর্ঘ সময়ের জন্য আটকে রাখার ঘটনায় যুক্তরাষ্ট্রে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।

গত শনিবার বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের স্নাতকের শিক্ষার্থী জিউয়ে ওয়াং গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন বছর ধরে ইরানে বন্দি ছিলেন। অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ইরানি গবেষক মাসুদ সোলাইমানিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্কের এই দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় খুব একটা দেখা যায় না।

গত বছর একটি গবেষণাবিষয়ক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার পরেই মিনেসোটার মায়ো ক্লিনিক থেকে গ্রেফতার করা হয় সোলাইমানিকে। আরো কয়েক ডজন ইরানি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দি আছেন। তাদের মধ্যে অনেকেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।

ওয়াশিংটনের তরফ থেকে দাবি করা হয়েছে যে ইরান সে দেশে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোমবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বন্দি বিনিময়ে প্রস্তুত রয়েছে ইরান।

গত বছর পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এছাড়া যুক্তরাষ্ট্র এরপরই নতুন করে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করে।