সেশনজট

 ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না’—এটা যেন প্রবাদ বাক্যেই সীমাবদ্ধ। বিশ্ব শব্দ যুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে সময় ও কাজের মূল্য শেখার কথা, সেখানেই চলছে সময়ের অবমূল্যায়ন। চার বছরের কোর্স চলছে ৫-৭ বছর পর্যন্ত। এছাড়াও মাস্টার্স এক বছরের কোর্সে দেড় থেকে আড়াই বছরও লাগছে। যেখানে শিক্ষা অর্জন করে ভবিষ্যতের বীজ বুনবে সেখানে এমন কালক্ষেপণ যেন দেশ ও জাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। দায়বদ্ধতামুক্ত শিক্ষক ও প্রশাসনের গাফিলতির দরুন এমন অমূল্য সম্পদ অপব্যয় হচ্ছে এবং তরুণদের মাঝে হতাশার জাল বুনছে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীরা, যার ভবিষ্যত্ ফল খুবই ভয়াবহ। উন্নত দেশ গড়ার জন্য প্রথমেই নজর দিতে হবে সময়ের প্রতি, সময়ের সঠিক মূল্যয়ন করতে না পারলে দেশ কখনো উন্নতির ছোঁয়া পাবে না। তাই বিশ্ববিদ্যালয়ের পরিচালক সংগঠন ইউজিসির কাছে বিনীত অনুরোধ, বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকির মাধ্যমে সেশনজট নামক ভয়ংকর সমস্যাটি সমাধানে ব্যবস্থা নিয়ে সময়ের মূল্যয়ন করুন এবং দেশের উজ্জ্বল ভবিষ্যত্ বিনির্মাণে শিক্ষার্থীদের পথ উন্মুক্ত করুন।

আবদুস সালাম

ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর