রাওয়ালপিন্ডি টেস্ট
স্পোর্টস ডেস্ক
দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরার দিনে গতকাল চার পেসারের ছন্দ পেতে কেটে গেল ম্যাচের প্রথম সেশন। রাওয়ালপিন্ডিতে লাঞ্চের পর দ্রুত চার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বড়ো একটা ধাক্কা যদিও দিয়েছিল স্বাগতিকরা, কিন্তু এরপর বাদ সাধে প্রকৃতি। আলো স্বল্পতায় আগেভাগে শেষ হওয়া দিনের খেলায় দুই দলই প্রায় সমঅবস্থানে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৫ উইকেটে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম দিনে খেলা কম হয়েছে ২২.৫ ওভার। ৩৮ রানে ব্যাট করছেন ধনাঞ্জয়া ডি সিলভা, ১১ রানে নিরোশান ডিকওয়েলা। সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে। এছাড়া ৪০ রান আসে ওশাদা ফার্নান্দোর ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন তরুণ পেসার নাসিম শাহ।
সর্বশেষ ২০০৯ সালের মার্চে এ শ্রীলঙ্কা দলই পাকিস্তানে টেস্ট খেলেছে। ঐ সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে ১২ জন বন্দুকধারী হামলা করে। ছয় শ্রীলঙ্কান ক্রিকেটার আহত নন। ছয় জন পাকিস্তানি পুলিশসহ মোট আট জন সেদিন সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায়।
সেই ঘটনার জের ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন একদম নিষিদ্ধ হয়ে যায়। এরপর থেকে খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট দেশটিতে আয়োজিত হলে এবারই প্রথম টেস্ট আয়োজিত হতে যাচ্ছে।
গেল সেপ্টেম্বর-অক্টোবরে লঙ্কান দল পাকিস্তানে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ঐ সময়ই এই সিরিজের ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছিল দুই পক্ষে। এবার সেই কথাই রাখছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।