লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
লাকসামে রেলওয়ের জায়গা উদ্ধারে বুধবার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তারা লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
লাকসাম রেলওয়ের হরিজন পল্লীতে (সুইপার কলোনি) এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কিছু জায়গা বাদ দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. বোরহান উদ্দিন বলেন, রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটি সময়ের ব্যাপার মাত্র।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিনের সঙ্গে ছিলেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মাহবুবুর রহমান, বিভাগীয় সংকেত প্রকৌশলী (ডিইএসটি) মো. জাহেদ আবেদীন পাটোয়ারী, বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-১) মো. হামিদুর রহমান, বিভাগীয় বিদ্যুত্ প্রকৌশলী (ডিইই) শাকের আহমেদ।