দুটি তদন্ত কমিটি গঠন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে এস আই মোহাম্মদ মারুফুল হক বাদী হয়ে শিবচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চিহ্নিত আসামি ৫৩ জন আর অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। রাতে আটককৃত ২৫ আসামিকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কাজী জিহাদুল কবিরকে প্রধান করে একটি কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ লুত্ফুন্নাহার নাজীমকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশকে না জানিয়ে পরিস্থিতি শান্ত করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিবচর উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে শিবচর থানার ওসি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। রাতে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যাওয়ার মুহূর্তে জাজিরা ও নাওডোবার কিছু বহিরাগত ছাত্র গাড়ি ভাঙচুর করতে থাকে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করে।