কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার জামিন প্রদানের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায় বিএনপি। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিনা অপরাধে ৬৭২ দিন ধরে নির্দয়ভাবে বন্দি রাখা হয়েছে। মানসিক নিপীড়নে ৭৫ বছর বয়সি গুরুতর অসুস্থ নেত্রীর অবস্থা খুবই বিপজ্জনক।
রিজভী বলেন, ‘দুঃশাসনকবলিত মানুষের শেষ আশ্রয়স্থল ও ভরসার জায়গা হলো দেশের বিচারালয়। আমরা এখনো বিচার বিভাগকে বিশ্বাস করি। বিশেষ করে সুপ্রি কোর্ট নিরপেক্ষ থেকে ন্যায়বিচার করবে, আইনের শাসন কায়েম থাকবে।
তিনি বলেন, মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। আমাদের বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করে, সেই স্বাধীনতাও আমরা বিচার বিভাগকে নিশ্চিত করে দিয়েছি, মানুষ যাতে ন্যায়বিচার পায় সেদিকে লক্ষ রেখে। আমরা বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে প্রধানমন্ত্রীর এই কথা ও অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই। মানবাধিকারকে পদদলিত এবং সমগ্র বিচারব্যবস্থাকে কুক্ষিগত করে ন্যায়বিচারের টুঁটি চেপে ধরে মিথ্যাবাদিতার নীতি নিয়ে তিনি যে সরকার পরিচালনা করছেন, সেখান থেকে সরে আসার নজির সৃষ্টি হবে, তিনি যদি আদালতকে স্বাধীনভাবে কাজ করতে দেন।