বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এখন আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা আশাবাদী, আমাদের পাশে জনগণ যেভাবে দাঁড়াচ্ছে, আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদের মতো মাদককেও দেশছাড়া করতে পারব। এ দেশে থাকবে না কোনো মাদক, কোনো দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে না। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ মন্তব্য করেন। নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, সিএমপির সাবেক কমিশনার অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ও বর্তমান কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি। এর আগে গতকাল সকালে নগরীর আগ্রাবাদে পুলিশের কমিউনিটি ব্যাংকের উদ্বোধন করেন তিনি।
দেশে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ঘটে যাওয়া ‘অগ্নিসন্ত্রাস এবং জঙ্গিবাদ’ মোকাবিলা করতে গিয়ে অনেক সদস্য মৃত্যুবরণ করলেও পুলিশ হার মানেনি, এমন মন্তব্য করে আইজিপি বলেন, ১৯৭১ সালে আমাদের পূর্বসূরিরা রাজারবাগে নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে প্রথম প্রতিরোধযুদ্ধ গড়ে তুলেছিলেন। আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।