শানাকার ছক্কা বৃষ্টিতে কুমিল্লার জয়

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনে রাজত্ব করলেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েসরা হাফ সেঞ্চুরি পেলেও দিনের আলোটা কেড়ে নিয়েছেন দাসুন শানাকা। গতকাল সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে রীতিমতো ছক্কা বৃষ্টি নামিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক শানাকা। রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজ-জুনায়েদ খানদের তুলোধুনো করে ৩১ বলে অপরাজিত ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন এই লঙ্কান। মোট নয়টি ছক্কা মেরেছেন ২৩ বলে হাফ সেঞ্চুরি করা শানাকা। এর মধ্যে মুস্তাফিজকে টানা চার বলে চারটি, জুনায়েদকে শেষ ওভারে তিনটি ছক্কা মেরেছেন তিনি।

তার ব্যাটিংয়ে ভর করেই গতকাল রংপুর রেঞ্জার্সের বিরুদ্ধে ১০৫ রানের দুর্দান্ত জয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করেছে কুমিল্লা। অথচ একটা সময় ৮৯ রানে ৬ উইকেট হারানো কুমিল্লার স্কোরটা বড়ো হবে না বলেই মনে হচ্ছিল। ব্যাট হাতে অগ্নিমূর্তি ধারণ করা শানাকা বদলে দেন দৃশ্যপট। তার ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লা ৭ উইকেটে ১৭৩ রান তুলেছিল। সৌম্য ২৬, মালান ২৫, সাব্বির ১৯ রান করেন।

শানাকার বেধড়ক পিটুনিতে পথ হারানো রংপুর ৯ উইকেটে ৬৮ রান তোলে। ফিল্ডিংয়ে ব্যথা পাওয়ায় ব্যাট করেননি জাকির হাসান। রংপুরের হয়ে নাঈম শেখ ১৭, শাহজাদ ১৩, নবী ১১ রান করেন। কুমিল্লার আল-আমিন ৩টি, সৌম্য-সানজামুল ২টি করে উইকেট পান। শানাকা ম্যাচ সেরা হন।

এর আগে গতকাল দিনের প্রথম ম্যাচে ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরিতে সিলেট থান্ডারকে ৫ উইকেটে পরাজিত করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।