চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপনির্বাচনে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। জাপা চেয়ারম্যান জি এম কাদের গতকাল বুধবার তার বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী হিসেবে বাবলুর নাম ঘোষণা করেন। এ সময় জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাবলু সাবেক মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন।
এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, চট্টগ্রাম-৮ আসনে মহাজোটগত নির্বাচন হবে কি না, তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে।
সেলিম ওসমান ও খোকা প্রেসিডিয়াম সদস্য
জাপা চেয়ারম্যান জি এম কাদের গতকাল এক সাংগঠনিক আদেশে দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও নির্বাহী সদস্য এ কে এম সেলিম ওসমান এমপিকে দলের প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি দিয়েছেন। যা এরই মধ্যেই কার্যকর হয়েছে।