আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ঐক্যফ্রন্টের ইশতেহারে নতুন কিছু নেই। তারা চাকরির ক্ষেত্রে কোন বয়সসীমা রাখেনি। এতে জটিলতা সৃষ্টি হবে বেকারত্ব নিয়ে। তাদের ইশতেহারে জাতির আশা আকাঙ্ক্ষার কিছু নেই। এটি বিভ্রান্তিকর একটি ইশতেহার মাত্র। জাতি এ ইশতেহার প্রত্যাখ্যান করেছে।
সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ড. কামাল হোসেন জঙ্গি, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, আগুন সন্ত্রাসীদের সঙ্গে ষড়যন্ত্রের ফ্রন্ট করে দেশকে ধ্বংসের ছক করছেন। তারা ক্ষমতায় এলে দেশ আবার মঙ্গা, ক্ষুধা ও দারিদ্রের কবলে পড়বে। দেশে গুম, খুন, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বেড়ে যাবে। দেশ ফের পিছিয়ে যাবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
আরো পড়ুন: প্রসাদ খেয়ে মৃত্যুর রহস্য জানতে মন্দিরের রান্নাঘরে সিসিটিভি
ইত্তেফাক/জেডএইচ