প্রতিযোগিতা কমিশনের সেমিনারে বাণিজ্যমন্ত্রী

বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। এজন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে সমস্যার গভীরে গিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে দেশের মানুষ উপকৃত হবেন। মানুষের জন্য সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, ভোক্তা যাতে প্রতারিত না হয়, সেজন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ঢাকায় টিসিবি মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উদ্যোগে ব্যবসায়ী এবং ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  তিনি বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়ে অনেক কথা হচ্ছে। দেশের চাহিদার প্রায় চার ভাগের এক ভাগ পেঁয়াজ প্রতি বছর বিদেশ থেকে আমদানি করতে হয়। সংকট মোকাবিলায় উচ্চমূল্যে পেঁয়াজ আমদানি করে ভর্তুকি দিয়ে কম মূল্যে দেশের মানুষের কাছে বিক্রি করতে হচ্ছে। চাহিদা মোতাবেক দেশে পেঁয়াজ উত্পাদন হলে সমস্যা হতো না। দেশের মানুষের চাহিদা মেটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরই মধ্যে স্থানীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। এখন বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে এখন বাজারে পেঁয়াজের মূল্য কমছে।

পৃথিবীর অনেক দেশে ধর্মীয় উত্সবের সময় পণ্যের মূল্য কমিয়ে ভোক্তাদের সহযোগিতা করা হয়। আমাদের দেশে পবিত্র রমজান মাস এলেই অনেক পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এ অবস্থা মোকাবিলায় ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। উত্পাদনকারীগণ উপযুক্ত মূল্য না পেলে পেঁয়াজ উত্পাদনে উত্সাহ হারাবেন। উত্পাদন বাড়িয়ে ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোহাম্মদ ফরাস উদ্দিন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।