ভাষার প্রতি ভালোবাসা

 

বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখিয়ে সিলেট শহরে রাস্তায় নেমেছে একদল তরুণ। কাকতাড়ুয়া নামে সংগঠনটির সদস্যরা রাস্তায় ঘুরে ঘুরে বাংলা ভুল বানানগুলো শুদ্ধ করে দিয়েছে। নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে বানান শুদ্ধির মূল কার্যক্রম শুরু হয়। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল তরুণপ্রাণ রং তুলি হতে এ অভিযান চালায়। এ দোকান থেকে ও দোকান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিলবোর্ড-সাইনবোর্ড বাদ পড়ে না কিছুই। যেখানেই ভুল বাংলা বানান, সেখানেই শুদ্ধি অভিযান। দোকান কিংবা প্রতিষ্ঠান মালিককে শত অনুরোধের পর একটি করে পরম মমতায় বাংলা বানানগুলো শুদ্ধ করে দিয়েছে কাকতাড়ুয়ার সদস্যরা। নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে পাঠানটুলা পযন্ত তারা ডিসেম্বর মাসের শুদ্ধি অভিযান চালিয়েছে।

নগরীর মুদি দোকান থেকে শুরু করে বিলবোর্ড, সাইনবোর্ড, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, কারখানা সবখানেই হানা দিয়েছে তারা। নিজ হাতে পরম মমতায় শুদ্ধ করে দিয়েছে ভুল বাংলা বানান। ২০১৪ সালের একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি শেষে কাকতাড়ুয়ার ২০ জন ছেলেমেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বানান শুদ্ধির যাত্রা শুরু করে। প্রায় প্রতিমাসেই কাকতাড়ুয়ারা সিলেট শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এখন পর্যন্ত সিলেট নগরীর যেসকল রাস্তায় বাংলা বানান শুদ্ধি অভিযান হয়েছে সেগুলো হলো: টিলাগড় পয়েন্ট থেকে শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের বিভিন্ন ব্লক ঘুরে সোবহানীঘাট; বালুচর পয়েন্ট থেকে আরামবাগ, টিবি গেইট, শাহী ইদগাহ, সাপ্লাই দিয়ে আম্বরখানা পয়েন্ট; টিবি গেইট, শাহী ইদগাহ, কাজিটুলা, উঁচাসড়ক থেকে চৌহাট্টা অভিমুখে; আম্বরখানা পয়েন্ট থেকে দরগারোড, চৌহাট্টা দিয়ে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার।

কাকতাড়ুয়ার দল এখন পর্যন্ত মোট ২৬২টি প্রতিষ্ঠানে বানান শুদ্ধির জন্য অনুরোধ করেছে। এর মধ্যে ১৮৯টি প্রতিষ্ঠানে বানান শুদ্ধ করতে সক্ষম হয়েছে। কাকতাড়ুয়ার সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক খলিলুর রহমান ফয়সালের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেন। শনিবারে অভিযানে ছিলেন লুত্ফুন্নাহার মাসুমা, মাহির চৌধুরী, পাপলু দে, বেলায়েত খান, তানজিলা জাফরিন তানভী, আমিনা আক্তার, নাহিদা আক্তার, আশরাফি আশা, নওরীন তন্বী, জাহিদ হাসান শুভ, নাইমা হক, জাস্টিন ফরহান তাসনিম, সাফওয়ান আহমেদ, দিপ্তী রায়, সেতু দাস প্রমুখ।