নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সারা দেশে পালিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রংপুর : সকালে ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। পরে সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে।

কুমিল্লা : জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের হয়।  পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান।

নোয়াখালী : জেলা শহর মাইজদীতে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রওফ মণ্ডল। আরো অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যেতি খিসা এবং জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার এ এস এম হোসনে মোবারক।

নাটোর : শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ : সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

পিরোজপুর : সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান মিলনায়তনে সেমিনারে মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মঈনুল হোসেন, কৃষি সম্প্রসারণের জেলা উপপরিচালক মো. আবু জাফর প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।

বরিশাল : ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে নগরীতে শোভাযাত্রা, সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

ভোলা : সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

সিরাজগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ।

ব্রাহ্মণবাড়িয়া : শহরের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।

বাগেরহাট : সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পালসহ আরো অনেকে।

এছাড়া বরিশালের আগৈলঝাড়া, দিনাজপুরের কাহারোল, সিরাজগঞ্জের কামারখন্দ, পিরোজপুরের মঠবাড়িয়া, নওগাঁর নিয়ামতপুর, নীলফামারীর সৈয়দপুর, রাজশাহীর বাঘা, নেত্রকোনার পূর্বধলা, দিনাজপুরের ফুলবাড়ী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, বগুড়ার নন্দীগ্রাম, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, জয়পুরহাটের কালাই, পাবনার চাটমোহর, কুড়িগ্রামের রৌমারীসহ সারা দেশে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়।