পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের নেতৃত্বের জন্য প্রয়োজন শেখ হাসিনা। তার জীবনের একমাত্র স্বপ্ন একমাত্র চিন্তাচেতনায় কীভাবে বাংলাদেশকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসা যাবে। জঙ্গিবাদিতা করে আমাদের কেউ আটকাতে পারবে না।
বৃহস্পতিবার ‘সমন্বিত প্রচেষ্টা সবার জন্য পুষ্টি’ এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও কালেস্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিভি সম্মেলন কক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাস্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান খান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. শাহ্ নেওয়াজ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. খলিলুর রহমান প্রমুখ।